অগ্নি সন্ত্রাসীদের জবাব দিতে হবে—‘যথেষ্ট হয়েছে, আর নয়’: প্রধানমন্ত্রী
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে দেশে পালিয়ে গেছে, সেটা হলো তাদের প্রভু। সেই প্রভুদের খুশি করতে দেশের মানুষের বিরুদ্ধে আবার ষড়যন্ত্র শুরু করেছে। তারা আবার অধিকার কেড়ে নিতে চায়। আবার তাদের গুম-খুনের রাজনীতি করার অধিকার দেবে না জনগণ। খুনী-সন্ত্রাসীদের পরিষ্কার জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ (যথেস্ট হয়েছে, আর না)। বাংলাদেশের মানুষ আর গুম-খুনের রাজনীতিতে ফিরে যেতে চায় না।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটের মহেন্দ্রনগর মণ্ডলেরহাটে ‘মডেল খাল পুনঃখনন’ কর্মসূচিতে অংশ নিয়ে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। চব্বিশের মতো সকল দল-মতের মানুষকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়ে সরকারপ্রধান বলেন, দেশ ও জনগনের ভাগ্যের পরিবর্তনে ফ্যাসিবাদবিরোধী সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সন্ত্রাসীদের বিরুদ্ধে, হত্যার রাজনীতি, তাবেদারি অপশক্তির বিরুদ্ধে জবাব দিতে হবে এনাফ ইজ এনাফ।
সরকার যখন সাধারণ জনগণের জন্য কাজ করার চেষ্টা করছে, তখনই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তারেক রহমান বলেন, যে সন্ত্রাসী মহল ষড়যন্ত্র করছে, তারা জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে ১৬ বছর দেশে শাসন করেছে। মানুষের কথা বলার অধিকার, ভোটাধিকার কেড়ে নিয়েছে।
এ সময় প্রধানমন্ত্রী জানান, আগামী কয়েক মাসের মধ্যে খুলনা থেকে পুরো রংপুর বিভাগে গ্যাস সংযোগ দেবে সরকার, যেন কলকারখানা তৈরি করে এই অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি হয়।
আগামী মাস থেকে ফ্যামিলি কার্ড
তারেক আরও বলেন, আমরা বলেছিলাম সরকার গঠন করতে পারলে দেশের মা-বোনদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য ফ্যামিলি কার্ড দেব। আমরা দেখব না কে কাকে ভোট দিয়েছে। সেই ফ্যামিলি কার্ডের তালিকা তৈরির কাজও প্রায় সম্পন্ন হয়ে এসেছে। ইনশাআল্লাহ আগামী মাস থেকে আমরা ফ্যামিলি কার্ড দেব। বিশেষ করে প্রথম পর্যায়ে অতিদরিদ্র ও দরিদ্র পরিবারগুলোকে এই কার্ড দেওয়া হবে।
প্রধানমন্ত্রী বলেন, এই কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবার, প্রত্যেক নারী মাস শেষে আড়াই হাজার টাকা করে সরকারের পক্ষ থেকে পাবে। যাতে করে সে তার পরিবারের দেখভাল করতে পারে, সন্তানদের লেখাপড়া এবং ভালো খাবারের ব্যবস্থা করতে পারে। অর্থাৎ ধীরে ধীরে যাতে সে সচ্ছল হয়ে উঠতে পারে।
সরকার প্রধান বলেন, খাল খননের মাধ্যমে যেমন কৃষক ভাইদের সেচের সুবিধা করে দিতে চাই, একইভাবে আমরা বলেছিলাম, কৃষক ভাইদের কৃষক কার্ড দেব। যাতে করে একটি ফসলের বছরে সে দুইটি ফসল করে, তার মধ্যে অন্তত একটি ফসলের জন্য প্রয়োজনীয় সহযোগিতা আমরা সরকার থেকে করতে পারি।
তিনি বলেন, আমরা বলেছিলাম, বাংলাদেশে মসজিদ-মাদ্রাসার ইমাম-মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের ধর্মীয় ব্যক্তিত্বদের পাশেও আমরা দাঁড়াতে চাই। সেই জন্য সরকারের পক্ষ থেকে তাদের সম্মানীর ব্যবস্থা করেছি। ইনশাআল্লাহ ধীরে ধীরে এটি আরও বাড়বে। বাংলাদেশে এ বছর ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মীয় ব্যক্তিত্বের সম্মানীর ব্যবস্থা করা হবে।

0 coment rios: