রংপুরের ধর্মসভা মন্দিরে ১০ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রংপুরের ধর্মসভার রাধা গোবিন্দ মন্দির পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি মন্দির কর্তৃপক্ষের হাতে ১০ লাখ টাকা অনুদানের চেক তুলে দেন। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টায় দুর্গোৎসব দেখতে রংপুর রাধা গোবিন্দ মন্দিরে তিনি প্রবেশ করে কুশলাদি বিনিময়ের পরে অনুদানের চেক হস্তান্তর করেন। এ সময় কঠোর নিরাপত্তার মধ্যে প্রধানমন্ত্রীকে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে হাজারো নেতাকর্মী ও জনতা স্বাগত জানান। এর আগে, সকাল সাড়ে ৯ টায় সামরিক বিমানে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী।তিনি হাত নেড়ে হিন্দু সম্প্রদায়ের উপস্থিত সর্বস্তরের লোকজনকে শারদীয় শুভেচ্ছা জানান। উৎসবমুখর পরিবেশে তার এই উপস্থিতি পুরো মণ্ডপ এলাকায় এক আনন্দঘন ও উৎসবের আমেজ তৈরি করে। দুর্গোৎসবের এই পবিত্র সময়ে তার এ সফর ধর্মীয় সম্প্রীতি, জাতীয় ঐক্য এবং সমান অধিকারের এক বিশেষ বার্তা বহন করে।
প্রধানমন্ত্রীর এই ঐতিহাসিক মন্দির পরিদর্শন ও কর্মসূচিতে কেন্দ্রীয় ও স্থানীয় সরকারের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।সফরসঙ্গী হিসেবে ছিলেন— বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ।

0 coment rios: