বসুন্ধরা আবাসিক এলাকার একটি ছাপরা থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে আলমগীর হোসেন নামে এক নিরাপত্তাকর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে নির্মাণাধীন ভবনের একটি টিনের ছাপরাঘরে মেলে তার লাশ। পুলিশের ধারণা, ওই নিরাপত্তাকর্মীকে গলা টিপে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গতকাল শুক্রবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ভাটারা থানার এসআই আব্দুল ওয়াদুদ বলেন, বসুন্ধরা আবাসিক এলাকার ওই নির্মাণাধীন ভবনের নিরাপত্তাকর্মী নিহত আলমগীর নাটোরের বাগাতিপাড়া উপজেলার সাইলকোনা গ্রামের প্রয়াত কলিম উদ্দিন প্রামাণিকের ছেলে। তিনি ওই নির্মাণাধীন ভবনেই থাকতেন। খবর পেয়ে বৃহস্পতিবার রাতে ওই নির্মাণাধীন ভবনের টিনের ছাপরাঘর থেকে আলমগীরের মরদেহ উদ্ধার করা হয়। তার গলায় আঙুলের ছাপ, ডান পায়ের হাঁটুর নিচে ক্ষত এবং কানের পাশে আঘাতের চিহ্ন দেখা গেছে। এসব আলামত থেকে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে গলা টিপে শ্বাসরোধে তবে হত্যা করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আলমগীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি নির্মাণাধীন ভবনের নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন। তাঁর বাড়ি নাটোরের বাগাতিপাড়া থানার সাইলকোনা গ্রামে। তাঁর বাবার নাম মৃত কলিম উদ্দিন প্রামাণিক।

0 coment rios: